আজকের গল্প - “ছোটদের সম্মান করুন”
আমরা ছোট থেকেই শুনে আসছি যে বড়োদের সম্মান করতে হয়। বিজয়ার পরে প্রণাম করতে হয়, তাদের মুখে মুখে তর্ক করতে নেই (খুব আপত্তিজনক কথা শুনলে চুপ করে থেকে চলে যেতে হয়), এরকম আরও অনেক কিছু। যেটা কখনও শুনিনি সেটা হলো ছোটদেরও সম্মান করতে শিখতে হয়। ভেবে দেখুন একবার ব্যাপারটা। আচ্ছা, বুঝিয়ে বলছি। বাবা-মা হিসেবে আমাদের দায়িত্ব আছে বাচ্চাদের ঠিক করে মানুষ করার। “ঠিক করে” কথাটার কোনও মানে হয় না যদিও, তাও সেই তর্কে এখুনি ঢুকছি না। কিন্তু সেই চেষ্টার ফলে আমরা অনেক সময়ে এমন রাস্তা নিয়ে থাকি যেগুলো নিয়ে হয়তো খুব একটা ভাবি না, সবাই করে, আমাকেও তাই করা হয়েছিল, তাই করে আসি। আজকে বলব সেই জিনিসগুলো যেগুলো আমার ভালো লাগেনা, আর কেন ভালো লাগেনা। ১. প্রথমেই ধরা যাক corporal punishment, মানে সোজা বাংলায় যাকে বলে “ধরে দু ঘা দেওয়া”। আগেকার দিনের কথা নয়, আমার বন্ধুবান্ধবদের মধ্যে অনেকেকই (বিশেষতঃ যারা ইন্ডিয়ায় থাকে) তাদের শুনলাম বাচ্চাদের মারে। কারণ “অসভ্যতা করলে আর কি করব?”, বা “ইচ্ছে করে কথা শোনে না”, “বুঝিয়ে বলে হয় না, এত অসভ্য”। আমি এরকমও শুনলাম, “ভাগ্যিস আমাদের মা বাবা দিয়েছিল কয়েক ঘা, নইলে আমরা মানুষ হতাম ন...