আজকের গল্প - ছোটদের জন্যে লেখা?
অনেকদিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছি কিন্তু লিখতে বসার মত সময় পাচ্ছিলাম না। বাংলা সাহিত্য নিয়ে আমরা গর্ব করি সেটা ঠিক, গর্ব করার মতই ভাণ্ডার আমাদের আছে (বা ছিল, এখন আর নেই) কিন্তু একটা দিকে আমাদের খুব বড়ো অভাব দেখছি। কিশোর পাঠ্য বইয়ের নীচে আর কিছু ভালো বই নেই। না নেই। আমি অনেক ভেবেছি আর খুঁজেছি, কিন্তু পাচ্ছি না। ছোটদের জন্যে লেখা বলতে কি মনে হয়? রূপকথার গল্প। এইবারে ভালো করে ভেবে দেখুন কোন রূপকথা আমরা পড়তাম বা শুনতাম? ঠাকুমার ঝুলি। বীভৎসতায় ভরা কিছু লেখা। ইংরেজিতেও ছিল, Disney সেগুলোকে খানিকটা ভদ্র বানিয়েছে। আমাদেরগুলোর আর কোনো reform হলো না। আর কি বই মনে পড়ে? হাসিখুশি - “অ - এ অজগর আসছে তেড়ে”, বেশ কথা। এবারে আমায় বলুন তো এই লেখাগুলোর মধ্যে কটা জিনিস যুগোপযোগী? “ওল খেয়োনা ধরবে গলা” - আমি নিজে সারাজীবনে একটা গোটা ওল চোখে দেখিনি, আমি মেয়েকে কি বোঝাবো এটা? তাছাড়াও এই সব লেখাগুলো পুরো একশ না হলেও ৭০-৮০ বছরের ওপারে আটকে আছে। আজকাল শুনছি কলকাতায় বাচ্চারা বাংলা শিখছে না। খুব ভয়ের ব্যাপার, সবাই বাবা-মা কে প্রাণভরে দোষ দিয়ে চলেছে। মানছি মাতৃভাষা না শেখাটা একটা খুব বড়ো প্রবলেম, ...