আজকের গল্প - “বড়ির কথা”
“কত তার স্বাদ। কুমড়ো বড়ি, খাস্তা বড়ি, পোস্ত বড়ি, তিলের বড়ি, জিরের বড়ি, ঝালমশলার বড়ি, টকে-শুক্তোয় দিতে মটর-খেঁসারির বড়ি - বাহার অনেক। ওরই মধ্যে মূলোর বড়িটা আবার আলাদা রাখতে হয়, মাঘ মাসে পাছে ভুলে খাওয়া হয়ে যায়। মাঘ মাসে মূলো খাওয়া আর গোমাংস খাওয়ায় তফাৎ তো কিছু নেই।” -- আশাপূর্ণা দেবী, “প্রথম প্রতিশ্রুতি” “বাড়ির ভিতরের এই ছাদটা ছিল আগাগোড়া মেয়েদের দখলে। ভাঁড়ারের সঙ্গে ছিল তার বোঝাপড়া। ওখানে রোদ পড়তো পূরোপুরি, জারক নেবুকে দিত জারিয়ে। ঐখানে মেয়েরা বসত পিতলের গামলাভরা কলাইবাটা নিয়ে। টিপে টিপে টপটপ করে বড়ি দিত চুল শুকোতে শুকোতে।” -- রবীন্দ্রনাথ ঠাকুর, “ছেলেবেলা” কলকাতায় থাকতে খাদ্যবস্তু সম্বন্ধে ভাবনাচিন্তা আমার বিশেষ ছিল না, আর বড়ির অস্তিত্ব সম্বন্ধে আমি আদৌ অগোচর ছিলাম বলেই আমার ধারণা। এখানে এসে যখন আমি রান্না শুরু করলাম, তখন দেখলাম যে দেশী, মানে খাঁটি বাঙালী র...